বড় জয় দিয়ে আসর শুরু করলো শান্তিরবাজার। মেয়েদের রাজ্য সিনিয়র ক্রিকেটে ১৩৭ রানে হারায় বিলোনিয়াকে। বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন বিজয়ী দলের অনন্যা দেবনাথ। ব্যাট করার সুযোগ পেয়ে ৪ উইকেট হারিয়ে নির্ধারিত ২১ ওভারে শান্তিরবাজার ১৬৪ রান করে। অনন্যা ৬০ বল-এ ১১টি বাউন্ডারির সাহায্যে ৭৫, মেঘা সরকার ৩৯ বল-এ ৩টি বাউন্ডারির সাহায্যে ৩৩ এবং প্রিয়াঙ্কা নোয়াতিয়া ৯ বল-এ ৩টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। অতিরিক্ত পায় ২৪ রান। বিলোনিয়ার ঈশিতা ভৌমিক ২৪ রানে ২টি উইকেট পান। জবাবে মাত্র ২৭ রানে গুটিয়ে যায় বিলোনিয়ার ইনিংস। অতিরিক্ত সর্বাধিক পায় ১৪ রান। শান্তিরবাজার আলিজা দেববর্মা ৬ রানে ৩ টি, অঙ্কিতা পাটারি ২ রানে, অন্তরাণী নোয়াতিয়া ৩ রানে এবং রেশমি নোয়াতিয়া ৩ রানে ২টি করে উইকেট ভাগ করেন।
বিশালগড় ৫ উইকেটে হারায় ধর্মনগরকে
মেয়েদের রাজ্য ক্রিকেটে জয় পেলো বিশালগড়। ৫ উইকেটে হারায় ধর্মনগরকে। জামজুরী স্কুল মাঠে বৃহস্পতিবার বৃষ্টির জন্য আউট ফিল্ড ভিজে থাকায় নির্ধারিত সময়ের পরে খেলা শুরু হয়। ফলে ওভার কমিয়ে আনা হয় ২২-এ। ব্যাট করার সুযোগ পেয়ে ধর্মনগর ৭৬ রান করতে সক্ষম হয়। ঝুমকী দেবনাথ ৩৯ বল-এ ২৪ এবং পৌলমী পাল ৩৩ বল খেলে ১টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। অতিরিক্ত পায় ১৮ রান। বিশালগড়ের স্নেহা সরকার ১১ রানে এবং পূর্বা চৌধুরী ১১ রানে ৩টি করে উইকেট ভাগ করেন। জবাবে বিশালগড় ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। ইন্দ্র রাণী জমাতিয়া ১২ বল-এ খেলে ২টি বাউন্ডারির সাহায্যে ১৬, অস্মিতা দাস ২৭ বল-এ ১৪ রান করেন। অতিরিক্ত পায় ২৩ রান। ধর্মনগরের পুষ্পা সিনহা ১৭ রানে ২টি উইকেট পান।
মেয়েদের খেলা পরিত্যক্ত
মুষলধারে বৃষ্টির জন্য মেয়েদের রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটে বৃহস্পতিবার খেলা পরিত্যক্ত হলো। বিদ্যাপীঠ মাঠে আমবাসার মুখোমুখি হওয়ার কথা ছিল লংতরাইভ্যালির। এদিন ভোর থেকেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। আম্পায়াররা দীর্ঘ সময় অপেক্ষা করলেও বৃষ্টি না কমায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।


